পুনর্বাসনের আগে বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে ঐক্যবদ্ধ আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিহারি নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিবক কারণে উর্দুভাষী বাংলাদেশীদের পুনর্বাসনের যে ঘোষণা দিয়েছেন তা প্রশংসনীয়। কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট করতে প্রধানমন্ত্রীর এ মানবিক নির্দেশনা বাস্তবায়নের আগেই বিভিন্ন ক্যাম্পে উচ্ছেদ অভিযান করা হচ্ছে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে।
শনিবার রাজধানীর মিরপুরের ময়ুরি কমিউনিটি সেন্টারে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন বক্তারা।
এসময় উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকার এ অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়ে চিন্তা করেনি। প্রথমবারের মতো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে উর্দুভাষী বাংলাদেশীদের পুনর্বাসন করবেন বলে সু-স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা শেখ হাসিনা ও তার সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। তবে গৃহায়ন কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়নের পূর্বেই বিহারি ক্যাম্পে উচ্ছেদ অভিযান চালানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থাতেই চট্রগ্রামের হালি শহর ও ফিরোজশাহ কলোনীতে অবস্থিত ২ টি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সিয়াম সাধনার মাসে ওই ২টি ক্যাম্পের প্রায় ৬০০ বিহারি পরিবার বিদ্যুতহীনভাবে কষ্টে জীবন যাপন করছে। ওই দুইটি ক্যাম্পে বিদ্যুত সংযোগ পুরর্বহাল না করলে ঈদের পর উর্দুভাষীদের সকল সংগঠন একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে বলেও হুশিয়ারি দেন তিনি। একইসঙ্গে পুরর্বাসনের পূর্বে সারাদেশের বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধ ও ফ্রি বিদ্যুত সরবরাহ করতে সরকারের কাছে অনুরোধ জানান এ বিহারি নেতা।
অনুষ্ঠানে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি মো. আসিফ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু, সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ডাব্লিইএমবির সভাপতি মো. মোস্তাক আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহতাব আলম,এমআরডিএমের সভাপতি ওয়াসী আলম বশীর, বিএমডাব্লিউডিসির সভাপতি তোফাইল আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাওন, ছাত্র নেতা ফাহিম হোসেন, সৈয়দ হাসান সোহেল,মো. মুন্না, শেখ সাদ্দাম ও কামরান হায়দার প্রমুখ।





