অনশনের দ্বিতীয় দিন পার করছে নরসিংদীর পাটকল শ্রমিকরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

অনশনের দ্বিতীয় দিন পার করছে নরসিংদীর পাটকল শ্রমিকরা

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর, ২০১৯

নরসিংদীতে প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিকদের আমরন অনশন। মজুরী কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে পুনরায় আমরন অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিল গেইটের সামনে এ আমরন অনশন কর্মসূচি পালন করেছে। অনশনে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএম সি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে কর্মসূচী উপলক্ষে শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেয়।

আগেই প্রস্তুত রাখা অস্থায়ী মঞ্চে রবিবার সন্ধ্যা থেকে কাঁথা বালিশ নিয়ে অনশনে বসে পড়েন শ্রমিকরা। তীব্র শীত উপেক্ষা করে শ্রমিকদের উপস্থিতি বাড়ছে অনশনস্থলে।

শ্রমিকরা জানায়, দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রী আরো একমাস সময় চেয়েছেন। কিন্তু তারা দাবি বাস্তবায়নের কোনো আশা দেখছেন না। তাই তারা ফের আমরণ অনশন শুরু করেছেন। এর আগে দাবি বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে গত ১০ ডিসেম্বর থেকে শুরু করা আমরণ অনশন ১৩ ডিসেম্বর স্থগিত করেন পাটকল শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিক নেতারা তিন দফায় কর্মসূচি স্থগিত করেন।

দাবি পূরণে শ্রমিকরা ২৮ ডিসেম্বর শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরইমধ্যে সিবিএ-ননসিবিএ নেতারা শ্রমমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিন দফায় বৈঠক করেন। কিন্তু কোনো সমাধানে আসতে না পারায় শ্রমমন্ত্রী আরো এক মাসের সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর মজুরী কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত করেননি কেউই। শুধু সময়ক্ষেপন করার অভিযোগ তুলে আন্দোলন ছাড়া দাবি বাস্তবায়নের বিকল্প কোন পথ দেখছেন না বলে জানান পাটকল শ্রমিকরা।

পাটকল শ্রমিকদের অন্য দাবির মধ্যে রয়েছে পাটকলগুলো আধুনিকীকরণ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, জুট গুডস ম্যান্ডেটরি অ্যাক্ট পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বকেয়া পিএফ ও গ্রাচ্যুইটির টাকা প্রদান, পাট মৌসুমে কাঁচা পাট ক্রয়ে অর্থ ছাড়সহ ১১ দফা।
এসময় ইউএমসি জুট মিলের সিবিএর সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএমসি জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক কামাল মিয়া, সিবিএর নেতা কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমানসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads