অপু আমান এ প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে শ্রোতাপ্রিয় একজন গায়ক। তার কণ্ঠে মান্না দের গানগুলো সব সময় এক অন্যরকম দ্যোতনার সৃষ্টি করে। তাই দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোতে তাকে মান্না দের গান গাইতে হয়। অপু এবারই প্রথম সেলন মিউজিক লাউঞ্জের জন্য গাইলেন মান্না দের জনপ্রিয় গান ‘আজ আবার সেই পথে’। গানটির কথা লিখেছিলেন পুলক ব্যানার্জি, সুর করেছিলেন মান্না দে নিজেই। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া।
এরই মধ্যে গানটি সেলন মিউজিক লাউঞ্জের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির জন্য বেশ সাড়াও পাচ্ছেন অপু আমান।
অপু বলেন, ‘স্বর্গীয় শ্রদ্ধেয় মান্না দের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তার গান কোনো ইউটিউব চ্যানেলের জন্য এবারই প্রথম এত আয়োজনের মধ্য দিয়ে আমার কণ্ঠে ধারণ করার। একজন মান্না দে আমার পরম শ্রদ্ধার, ভালোবাসার। তার গান সত্যিই ভীষণ কঠিন। কিন্তু সেই কঠিনেরে ভালোবেসেই আমি সারা জীবনই তার গানগুলো মনের ভেতরের গভীর অনুভূতি দিয়ে, আবেগ দিয়ে গাইবার চেষ্টা করেছি। আমি জানি আমার ভুল ত্রুটি হয়। এই গানেও হয়তো হয়েছে। সেই ভুল ত্রুটি যেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইতে। অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া দাদার প্রতি। তার অনুপ্রেরণায় এবং সাহসে এই গানটি গাইতে পেরেছি। শ্রোতা দর্শকের কাছ থেকে সাড়া পেয়েও ভীষণ ভালো লাগছে।’
এদিকে আজ অপু গাজীপুরে তার বাবা অরুণ কুমার সরকারের সংগীতবিষয়ক প্রতিষ্ঠান ‘রাগেশ্রী সংগীত একাডেমিতে গান গাইবেন। এই সংগীত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই গাজীপুরে বেশ সুনামের সঙ্গে সংগীতে শিক্ষা দিয়ে আসছে। আগামীকাল ৩ জানুয়ারি অপু সিরাজগঞ্জে একটি স্টেজ শোতে অংশ নেবেন বলে জানান। গতকাল তিনি রাজধানীর সেনানিবাসে একটি শোতে অংশ নেন। স্টেজ মৌসুমে অপু তার সমসাময়িক শিল্পীদের তুলনায় বেশ ভালোই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে সংগীতাঙ্গনে অপুর যাত্রা শুরু হয়। এর পর থেকেই গানের ভুবনেই তার বেড়ে ওঠা, পথচলা। সেই পথেই নিজের সাফল্যকে নিয়ে এগিয়ে চলেছেন।





