চরাঞ্চলের বসতভিটাসহ ফসলি জমি ও সিরাজগঞ্জ শহরক্ষা বাঁধ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে সচেতন সিরাজগঞ্জবাসীর উদ্যোগে শহরের হার্ডপয়েন্ট (শহর রক্ষা বাঁধে) এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ফলে চরাঞ্চলের কাওয়াকোলা ইউনিয়নের হাটবয়ড়া ও কাওকোলা গ্রামের প্রায় দেড়শতাধিক ঘরবাড়ী ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চরাঞ্চলের মানুষের বেঁচে থাকার অবলম্বন ফসলী জমির ধান ও পাটক্ষেত বিলীন হওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও অবৈধ বালু উত্তোলনের ফলে শহর রক্ষার বাঁধগুলোও হুমকির মুখে পড়ছে। অবিলম্বে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা না হলে চরের হাটবয়ড়া ও কাওয়াকোলাসহ কয়েকটি গ্রাম বিলীন হওয়ার পাশাপাশি সিরাজগঞ্জ শহর হুমকির মুখে পড়বে।
বক্তাগন আরো বলেন, সরকারী দলের একটি বালু সিন্ডিকেট বাহিনী যমুনা নদীর কৈগারী দোরতা, চন্ডাল বয়ড়া ও জিয়ারপাড়া বালু মহল ইজারা নেয়। কিন্তু ওই সিন্ডিকেট বাহিনী ক্ষমতার দাপটে ইজারাকৃত স্থানে বালু উত্তোলন না করে অবৈধভাবে হাটবয়ড়া ও কাওয়াকোলাসহ শহর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করছে। এতে বসতভিটাসহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ বিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহিদ চঞ্চল ও নজরুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান জানান, শহর রক্ষা বাঁধ একটি গুরুত্বপুর্ণ স্থাপনা। বালু ব্যবসায়ীরা সরকার ঘোষিত বালু মহালের বাইরে গিয়ে অন্যস্থানে বালু উত্তোলন করায় শহর ও চরাঞ্চল হুমকির মুখে পড়ছে। এ কারণে অভিযান চালিয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার ড্রেজার মেশিন জব্দসহ জরিমানাও করা হয়েছে। তারপরেও তারা বালু উত্তোলন বন্ধ না করায় শনিবার আরো একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, হার্ডপয়েন্ট ও পার্শ্ববর্তী এলাকা ড্রেজিং করা সম্পুর্ন ঝুকিপুর্ণ। কিন্তু একটি প্রভাবশালী মহল এই এলাকায় অবৈধ বালু উত্তোলন করছে। শুক্রবার একটি ড্রেজার মেশিন আটক করা হলেও প্রভাবশালীরা সেটি ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে মামলা দায়ের হয়েছে। শনিবার বিকেলে আবারা ঝুকিপুর্ন এলাকায় বালু উত্তোলন করাবস্থায় আরো একটি ড্রেজার মেশিন আটক করা হয়েছে। মুলত বালু সিন্ডিকেট বাহিনী ইজারা নেয় এক জায়গায় বালু তোলে অন্য জায়গায়। এ কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে মিটিং করে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।





