জাতীয়

গণপরিবহনে নৈরাজ্য

অভিযান বন্ধে ফের ভোগান্তি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর, ২০২১

পরিবহন খাতে নৈরাজ্য বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আভিযান বন্ধ থাকার সুযোগে ফের শুরু হয়েছে যাত্রী ভোগান্তি। নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমে শুরুতে অনাগ্রহ দেখালেও এখন আবার আগ্রহ দেখাচ্ছে বাস মালিকরা। আগামী ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরুর কথা আছে।

ভাড়া-নৈরাজ্য নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামে গত ৮ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে প্রতিদিন বিআরটিএর ৮টি থেকে ১৪টি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হতো। এর মাঝেও অনিয়ম চালিয়ে যেত পরিবহন মালিকরা। এখন অভিযান বন্ধ রাখায় নৈরাজ্য আরো বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের।

বিআরটিএ সূত্রে জানা যায়, এক মাসব্যাপী ওই অভিযানে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, রুট পারমিট না থাকাসহ নানা অপরাধে ৫৬টি বাসকে পাঠানো হয়েছে ডাম্পিংয়ে। পাঁচজন বাসচালককে বেপরোয়া গাড়ি চালানো ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ায় দেওয়া হয়েছে কারাদণ্ড। তবে এখন বন্ধ আছে অভিযান। বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বলেন, গত একমাস ধরে অভিযান পরিচালনা করেছি। একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করা হয়েছে। বারবার নিয়ম ভাঙা বাস কোম্পানিগুলোর রুট পারমিট বাতিলের সুপারিশসহ আইনগত ব্যবস্থা নিতে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন তিনি। কিন্তু অভিযান বন্ধ করে দেয়ায় ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। প্রতিবাদ করলে হতে হচ্ছে অপমান-অপদস্থ।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, সরকারি তালিকানুযায়ী ভাড়া দিতে চাইলে যাত্রীদের অপমান-অপদস্থ করা হচ্ছে। দেদার চলছে সিটিং সার্ভিসও। বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করে আগের ওয়েবিল অনুযায়ী যাত্রীর মাথা গুনে নেওয়া হচ্ছে তিন-চারগুণ বাড়তি ভাড়া। জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমরা সারা দেশ থেকে অভিযোগ পাচ্ছি। আমরা মনে করি বিআটিএকে জনগণের পাশে থাকা দরকার। তাছাড়া অভিযানের ফলে জনগণের কী উপকার হয়েছে বা হয়নি সেটার একটি প্রতিবেদনও করা উচিত বলে মনে করি।

মিরপুরের বাসিন্দা সামছুল ইসলাম বলেন, অভিযানের সময় ওয়েবিল মাঝে মধ্যে বন্ধ ছিল। এখন বিআরটিএর অভিযান দেখছি না। আবার ওয়েবিল শুরু হয়েছে। একটু প্রতিবাদ করলেই কটূক্তি শুনতে হচ্ছে। মিরপুর থেকে ফার্মগেট ১৫ টাকা ভাড়া হওয়ার কথা থাকলেও ৩০ টাকা নেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি বিআরটিএ’র নতুন চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমাদের মালিক সমিতির পক্ষ থেকে ৯টি টিম মনিটরিং করছে। কোনো পরিবহনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে পুলিশকে জানানো হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করেছি।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে চলব এই পাইলট প্রজেক্ট। শুরুতে এ কার্যক্রমে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি বাসমালিকরা। কিন্তু পরে তারা আবার আগ্রহ দেখিয়েছেন।

গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সদস্য ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, গত মিটিংয়ে মালিকরা আমাদের ১২০টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা কথা রাখতে পারেননি।

তিনি বলেন, মালিকরা কথা না রাখায় আমরা বিআরটিসির ৩০টি দ্বিতল বাসের মাধ্যমে এ রুটে কার্যক্রম শুরু করছি। তবে যারা প্রাইভেট বাস আমাদের এই রুটে চালাতে চান, তাদের সুযোগ রয়েছে। যারা আমাদের শর্ত মেনে এ রুটে বাস পরিচালনা করতে চান, তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১২ ডিসেম্বরের মধ্যে আমাদের জানাতে হবে।

মেয়রের এ আলটিমেটামের পর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত প্রথম পরীক্ষামূলক রুটে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। জানা গেছে, পরীক্ষামূলক এই রুটে ট্রান্স সিলভা ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজ দুটি, এমএল লাভলী পরিবহন চারটি, রজনীগন্ধা পরিবহন একটি, মোস্তফা হেলাল কবির ছয়টি, মোহাম্মদ ওলিউল্লাহ একটি, জাহান এন্টারপ্রাইজ ১০০টি এবং এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি পাঁচটি বাস পরিচালনার আগ্রহ দেখিয়েছে।

জানা গেছে, পরীক্ষামূলকভাবে বিআরটিসির ৩০টি দ্বিতল বাস নিয়ে এই সেবা চালু করা হলেও পরে এ রুটে ১০০টি বাস চলবে। মূলত বাস মালিকরা প্রথমে সম্মতি জানালেও পরবর্তী সময়ে তাদের অসহযোগিতার কারণেই বিআরটিসি বাসের মাধ্যমে এ রুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, রুট রেশনালাইজেশন কোম্পানির মাধ্যমে বাস পরিচালনায় খুব একটা সম্মতি ছিল না মালিকদের। এর কারণ হিসেবে তাদের যুক্তি ছিল, এ কার্যক্রমে বাস দিয়ে কতটা সফলতা আসবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর বলেন, বাস মালিকদের অসহযোগিতা ও নানা বাধা-বিপত্তি আছে তবে আমরা তা অতিক্রম করেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়ন করব।

তিনি বলেন, গণপরিবহনে দীর্ঘদিনের পুঞ্জিভ্থত যে বিশৃঙ্খলা, তাতে অনেক অংশীজন রয়েছে। সবাইকে শৃঙ্খলায় আনা দুরূহ। তারপরও আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এ কার্যক্রম হাতে নিয়েছি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমরা এ বিষয়ে প্রথম থেকেই সহযোগিতা করে আসছি। তবে এখানে সমস্যা যেটা হয়েছে, কাঁচপুর থেকে ঘাটারচর যে পাইলটিং রুট চালু হওয়ার কথা ছিল, সেখানে গাড়ির মালিকদের সঙ্গে  আমরা বারবার কথা বলেছি। আমরা অগ্রগতির দিকেও গিয়েছি।

তিনি বলেন, কমিটির আগের মিটিংয়ে সিদ্ধান্ত ছিল যে, ৪২০টি গাড়ি রোড পারমিটের জন্য আবেদন করেছে, স্লিপ নিয়েছে। তাদের ছাড়া আর কাউকে অনুমোদন দেওয়া হবে না। সে বিষয়ে আমরা ওয়াকিবহাল ছিলাম না, আমরা জানতাম না। এটি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের সহযোগিতা ছিল, আগামীতেও থাকবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুট ভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর এই ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন। সে সময় থেকে তিনি এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস এর দায়িত্ব পান। তিনি এ পর্যন্ত সভা করেছেন ছয়টি।

রেশনালাইজেশন অনুযায়ী ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরনো কোনো বাস চলবে না। এ রুটের কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছিল দুই টাকা ২০ পয়সা। সবমিলিয়ে বাস রুট রেশনালাইজেশনের আওতায় ১২০টি নতুন বাস চলাচলের কথা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads