নন্দিত কণ্ঠশিল্পী মৌটুসী পার্থ তার মিষ্টি কণ্ঠের অসাধারণ গায়কি দিয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করে আসছেন বহু বছর ধরে। টিভি পর্দায় সরাসরি গানের অনুষ্ঠানে বরাবরই তার উপস্থিতি দর্শক শ্রোতাদের অন্যরকম আনন্দ দেয়। বিশেষ করে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তার কণ্ঠে অন্যরকম দ্যোতনার সৃষ্টি করে। তবে নিজের মৌলিক গানগুলোতেও মৌটুসীর গায়কি অনবদ্য, অনন্য। গুণী এই সংগীতশিল্পী বর্তমান সময়ে টিভি শোগুলোতে নিজের মৌলিক গানগুলোই গাওয়ার চেষ্টা করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজো তিনি তার গায়কি দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করবেন। এই সময়ের নন্দিত উপস্থাপক সাঁকো অ্যাওয়ার্ডে ভূষিত কামরুন নাহার অভির নিমন্ত্রণে আজ তিনি আরটিভির নিয়মিত সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এ সংগীত পরিবেশন করবেন।
আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা প্রসঙ্গে মৌটুসী পার্থ বলেন, ‘আজ অনুষ্ঠানের শুরুতেই দেশের গান পরিবেশন করব। এর পরপরই আমি শ্রদ্ধেয় আলাউদ্দীন আলীর সুরে করা দুটি গান এবং নচিকেতার কথা ও সুরে করা গানগুলো গাইব। এছাড়া আরো আগে প্রকাশিত আমার মৌলিক কিছু গানও গাইব। সত্যি বলতে কী, এখন আমি আমার মৌলিক গানগুলোই গাইবার চেষ্টা করেছি। বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে এই দেশের এবং ভারতের কিংবদন্তি শ্রদ্ধেয় শিল্পীদের গান গেয়েছি। এবার একটু নিজের গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে চেষ্টা করছি। আশা করছি আজকের মিউজিক স্টেশনটি দর্শক শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’
অনুষ্ঠানের উপস্থাপক কামরুন নাহার অভি বলেন, ‘আমার কাছে উপস্থাপনা এমন একটি বিষয় যেখানে পূর্ণ স্বাধীনতা নিয়ে যে কোনো বিষয়ে আমার মনের ভাবনার প্রকাশ ঘটাতে পারি। যে কারণে উপস্থাপনাটা মনের গভীরের ভালোবাসা থেকেই করা। আজকের অনুষ্ঠান আশা করছি দর্শকের কাছে নিশ্চয়ই উপভোগ্য হয়ে উঠবে।’
সম্প্রতি মৌটুসী বিশ্বাস ফরিদ আহমেদের সুর সংগীতে একটি দেশের গান ও একটি আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন। ‘স্বাধীনতা’ গানটি লিখেছেন আয়েত হোসেন, ‘অভিমান’ গানটি লিখেছেন মুনশী ওয়াদুদ। উল্লেখ্য, মিউজিক স্টেশন প্রযোজনা করছেন শিবলী জিয়া এবং প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিট থেকে। উপস্থাপনায় অভির যাত্রা শুরু হয় আজ থেকে একযুগ আগে একুশে টিভির ‘একুশের সকাল’, ‘একুশের দুপুর’ ও ‘একুশের সন্ধ্যা’ উপস্থাপনার মধ্য দিয়ে। এরপর তিনি বাংলাভিশনের সংবাদ পাঠ ও উপস্থাপনায় নিয়মিত ছিলেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে লন্ডনে ছিলেন। এরপর দেশে ফিরে বাংলাভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং পরে ২০১৭-তে সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। মিউজিক স্টেশনে তার প্রথম অতিথি ছিলেন রাজীব ও ঝিলিক।





