কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একতার মিয়া (৫৪) নামের একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে উক্ত ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে নিহত একতার মিয়া উত্তর আব্দুল্লাহপুর গ্রামের ছমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার খানের সঙ্গে দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। বর্তমান চেয়ারম্যানের এক ভাই ও সাবেক চেয়ারম্যানের ভাই ইতালি প্রবাসী, সম্প্রতি ইতালিতে তাদের মধ্যে ঝগড়া হয়, এরই জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে দুই পক্ষের মধ্যে বাঘবিতন্ডা ও সংঘর্ষে সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়রা মিটিয়ে দেয় কিন্তু শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হলে সংঘর্ষে একতার মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় উক্ত সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অষ্টগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান এ ঘটনায় ০৮ জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।





