বর্তমানে স্টেজ শোর মৌসুম শুরু হয়েছে। স্টেজ নিয়েই কণ্ঠশিল্পী বিন্দু কণার বর্তমান ব্যস্ততা। নিয়মিত মৌলিক গানও করে যাচ্ছেন তিনি। তবে তার ইচ্ছে ছিল সিনেমার ‘আইটেম সং’-এ কণ্ঠ দেওয়ার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হলো কবির বকুলের লেখা ও ইবরার টিপুর সুর-সংগীতে একটি সিনেমার ‘আইটেম সং’-এ কণ্ঠ দিয়ে।
গত সপ্তাহে রাজধানীর রামপুরায় ইবরার টিপুর নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান বিন্দু কণা। নাম চূড়ান্ত না হওয়া সিনেমার আইটেম সংটিতে বিখ্যাত গান ‘রূপে আমার আগুন জ্বলে’র ছায়া থাকবে বলে জানান বিন্দু। বিন্দুু কণা বলেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিল কোনো একটি ভালো গল্পের প্রেক্ষাপট অনুযায়ী একটি সিনেমার আইটেম সংয়ে কণ্ঠ দেওয়ার। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। গানটির কথা যেমন ভালো লেগেছে আমার কাছে, গানের সুর-সংগীতায়োজনও বেশ চমৎকার হয়েছে। সত্যি বলতে ইবরার টিপুর সুর-সংগীতায়োজন সম্পর্কে সবার একটি ধারণাতো আছেই। কাজের ব্যাপারে কোনো রকম ছাড় নেই তার। যতক্ষণ পর্যন্ত নিজে পুরোপুরি সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে নিরলসভাবে কাজ করে যাবেন। আইটেম সংটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ বিন্দু কণা জানান, এর আগে অনেক সিনেমাতেই গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে বলে মিলেনি বিধায় করা হয়ে ওঠেনি।
প্লে-ব্যাকের প্রথম গানই আইটেম সং হওয়ায় দারুণ উচ্ছ্বসিতও তিনি। ডিসেম্বরের মাসের পুরোটা সময়ই বিন্দু কণা স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকবেন। আজ নওগাঁ, ১৯ ডিসেম্বর আরটিভি মিউজিক স্টেশন, ২১ ডিসেম্বর এনবিআর’র শো, ২২ ডিসেম্বর লাকসাম, ২৪ ডিসেম্বর চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর জামালপুর এবং বছরের শেষ দিনে জামালপুরে দুটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। বিন্দু জানান, সাংবাদিক মোল্লা জালালের কথায় ও ইবরার টিপুর সুর-সংগীতে নতুন দুটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।





