ক্রিকেট

আউট না দেয়ায় লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সময় আউট না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে আবারও আলোচনায় সাকিব আল হাসান। খেলা স্বাভাবিক হলেও একটু পর অন্য প্রান্তে আবার দেখা গেল তার রুদ্রমূর্তি। এবার আম্পায়ারের সামনে গিয়ে তিন স্টাম্পই তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার (১১ জুন) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডানের ম্যাচে এ ঘটনা ঘটে।

এদিন শুরু থেকে বেশ আগ্রাসী দেখা গেল সাকিবকে। ব্যাট হাতে নিজের সর্বোচ্চটা নিঙড়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার ব্যাটে চেপেই আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান। সেই টার্গেট টপকাতে নেমে বিপাকে পড়ে আবাহনী। শুরুতেই হারিয়ে বসে ৩ উইকেট। প্রথম ঘটনা ইনিংসের পঞ্চম ওভারে। প্রথমারের মতো বল করতে আসেন সাকিব নিজেই।

ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মোহামেডান অধিনায়ক। সেটি নাকচ করে দেন আম্পায়ার ইমরান পারভেজ। এতেই ক্ষিপ্ত হন সাকিব। লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। এতে উত্তেজনা ছড়াল ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।

ঘটনা সেখানেই থামেনি। আরও বড় ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারের। পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। তবে তাদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সাকিব। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে স্টাম্প তুলে আছাড় মারেন তিনি।

সাকিবের এমন ক্ষোভের কারণ স্পষ্ট নয়। তবে খেলার ৬ ওভার পূর্ণ হতে আর বাকি ছিল মাত্র এক বল। ৬ ওভার পূর্ণ হলে ম্যাচ চলে আসতো বৃষ্টি আইনের অধীনে, সেক্ষেত্রে আর খেলা না হলেও ম্যাচে আসতো ফল। আবাহনী শুরুতেই ৩ উইকেট হারানোয় বৃষ্টি আইনের অধীনে জেতার কথা মোহামেডানেরই।

কিন্তু এক বল বাকি থাকতেই খেলা বন্ধ হওয়ায় আর খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। দলের জন্যই মূলত এমন ক্ষুব্ধ হতে পারেন সাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads