ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ওবায়দুল হক (৩৮) ও জাহানারা বেগম কমলা (৩৫) নামে এক নব দম্পতিতে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ১০৫টি জাল নোট ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে স্বামী-স্ত্রী দুজনকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। ওবায়দুল হক জাঙ্গাল গ্রামের মো. হারিছ মিয়ার ছেলে। এর আগে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামে অভিযান চালিয়ে জাল টাকাসহ স্বামী স্ত্রীকে দুজনকে আটক করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগড়ার জাঙ্গাল গ্রামে অভিযান চালিয়ে দশ হাজার ৫শ টাকা জাল নোটসহ স্বামী স্ত্রী দুজনকে হাতেনাতে আটক করা হয়। ওবায়দুল হকের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। থানায় মামলা দায়ের পূর্বক ওই দুজনকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয় ।





