আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতা কে হবেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিএনপিকে প্রশ্ন করতে চাই এবং বলতে চাই। আগামী নির্বাচনে আপনাদের নেতা কে? আন্দোলনে আপনাদের নেতা কে? কাকে ঘিরে আন্দোলন করবেন? কাকে ঘিরে সরকার গঠন করবেন? আমরা বলে দিচ্ছি আমাদের নেতা হচ্ছেন শেখ হাসিনা।’
দলের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সোমবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগ কার্যালয়ে কৃষি ও সমবায় উপ-কমিটি আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিকল্প একজন নেতা আপনারা (বিএনপি) দেখান। একজনকে দেখাবেন। পলাতক, দণ্ডিত আসামি। তিনি আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী। এটা কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে? মানুষ এতো বোকা নয়। মানুষ জানে বিএনপিকে ভোট দিয়ে লাভ নেই।
তিনি বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন দলকে ডাক দিয়েছেন। গতবারও ড.কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য করেছিলেন। সেই ঐক্যের ফলাফলও এ দেশের মানুষ দেখেছে।’
কৃষি ও সমবায় উপ-কমিটির চেয়ারম্যান মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর পরিচালনায় আলোচনাসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।





