খুলনা প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো: শামিম শেখ (৪১) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপসা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। ধৃত শামিম হোসেন দুটি মামলার পলাতক আসামি।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার আইচগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ—পুলিশ পরিদর্শক মো: ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামীর সন্ধান পান। এরপর পুলিশ আইচগাতী গ্রামের সাহাপাড়া এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আসামি শামিম শেখ। এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি ওয়ান সুটারগান ও তিন রাউন্ড রাউফেলের গুলি উদ্ধার করে। ধৃত শামিম একই উপজেলার দেয়াড়া গ্রামের রুস্তুম শেখের পুত্র। দীর্ঘ দিন সে বিদেশে ছিল। শামিম শেখ যেখান থেকে গ্রেপ্তার হয়েছে পাশেই তার শ^শুর বাড়ি। এ ব্যপারে রূপসা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: শাহিন জানান, ধৃত আসামির বিরুদ্ধে একটি পারিবারিক ও আর একটি আর্থিক লেনদেনের মামলা রয়েছে। এ মামলা দুটিতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।





