সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ অথবা কাল হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে। আজ সকালে ওই হাসপাতালের চিকিৎসকরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যকে এ তথ্য জানান।
আবু নাসের বলেন, সেতুমন্ত্রীর চিকিৎসা তত্ত্বাবধানকারী ডা. আবু নাসের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন। ডা. নাসের জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর ফলোআপ চিকিৎসার জন্য আপাতত কিছু দিন সিঙ্গাপুরেই থাকবেন তিনি।
উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে হূদরোগে আক্রান্ত হন ওবায়দুল কাদের। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ৪ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ২০ মার্চ তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তারপর থেকেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে সেখানকার চিকিৎসকরা জানান।





