সারা দেশ

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন  বাঁশখালীর প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি  :

মনোনয়ন পত্র দাখিলের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

২ জানুয়ারি (বুধবার) দুপুরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিচারক জুয়েল দেব এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তার জা‌মিন মঞ্জুর করেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী বাঁশখালী নির্বাচন অ‌ফিসার হারুন মোল্লা। তিনি বলেন, নির্বাচনী আচরণবি‌ধি লঙ্ঘনের বিষয়ে আ‌মি মামলা দায়ের করেছি, আদালতকে সম্মান দে‌খিয়ে তি‌নি আত্মসমর্পণ করেছেন, আদালত তাঁকে জা‌মিন দিয়েছে।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম বজলুর রশিদ মিন্টু সাংবাদিকদের বলেন, ” তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজ বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন।

বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা গত ২৬ ডিসেম্বর মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে এ মামলা দায়ের করেন। নির্বাচনি আচরণ বিধি আইনের ৮(খ) ধারায় মামলাটি করা হয়। মামলাটি গ্রহণ করে বিচারক সেদিন মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুচ্ছালাম  স্বাক্ষরিক এক চিঠিতে বলা হয়, ‘মোস্তাফিজুর রহমান ৩০ নভেম্বর ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। এ প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিককে গালিগালাজ ও মারধর করে মাটিতে ফেলে দেন। পরে নির্বাচনি অনুসন্ধান কমিটি মোস্তাফিজুর রহমানের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেয়। তাতে বলা হয়, মোস্তাফিজুর রহমান বেশি লোকজন নিয়ে এসে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। তবে সাংবাদিককে ‘মারধর ও হুমকির’ বিষয়টি অনুসন্ধানে প্রমাণিত হয়নি। সে কারণে মামলায় সাংবাদিকদের মারধরের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়নি জানিয়ে বাদী হারুন মোল্লা জানান, নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই মামলা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads