আবরার ফাহাদ হত্যা : ৬ এপ্রিল অভিযোগ গঠন

সংগৃহীত ছবি

অপরাধ

আবরার ফাহাদ হত্যা : ৬ এপ্রিল অভিযোগ গঠন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ, ২০২০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার নথিপত্র ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে ৬ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে দিয়েছে জজ আদালত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরর যে আদেশ দিয়েছে, তা পৌঁছানোর পর বুধবার এই তারিখ নির্ধারণ করে দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ দিন সময় নিতে পারে আদালত।

গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেছিলেন নিহত আবরারের বাবা ও মামলার বাদী বরকত উল্লাহ।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

পরদিন আবরারের বাবা ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ এজাহারের ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে।

পাঁচ সপ্তাহ তদন্ত করে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ওয়াহিদুজ্জামান গত ১৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যে অভিযোগপত্র জমা দেন, সেখানে আসামি করা হয় মোট ২৫ জনকে।

অভিযোগপত্র গ্রহণ করে গত ১৮ নভেম্বর পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত। তাদের মধ্যে একজন পরে আদালতে আত্মসমর্পণ করেন।

এ মামলায় গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads