বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাতপ্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষ ও কারা অধিদপ্তরের কারা মহা পরিদর্শক ব্রিডেগিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা’র বক্তব্য তুলে ধরে বলা হয়, ‘অনিক সরকার গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে অনিক সরকারকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কারা সেলে রাখা হয়।
কারা অভ্যন্তরে প্রবেশের পর অনিক সরকার কারারক্ষী বা কারাবন্দি কারও দ্বারাই আঘাত প্রাপ্ত বা শারীরিকভাবে লাঞ্ছিত হননি এবং মিডিয়াতে প্রচারিত এ সংবাদটি সত্য নয় বলে জানান তিনি।





