জাতীয়

আমরা আপনাদের আইসিইউতে দেখতে চাই না : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত ১৮ এপ্রিল, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে গত দেড় মাসে করোনার সংক্রমণ ১০ গুণ বেড়েছে। এই দেড় মাসে এক লাখ ৬০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এর আগের দেড় মাসে ছিল মাত্র ১৫ হাজার। আক্রান্তদের অধিকাংশই আইসিইউর জন্য হাসপাতালে ছোটাছুটি করছেন। আমরা আপনাদের আইসিইউতে দেখতে চাই না।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইসিইউ নিয়ে শুরুতে বিভিন্ন আলোচনা-সমালোচনা ছিল। সবাই বলেছিল আমাদের আইসিইউর সংখ্যা কম। ঢাকায় দুইশ থেকে আড়াইশ আইসিইউ রয়েছে। সব মিলিয়ে সারাদেশে পাঁচশর বেশি আইসিইউ হবে। এখন আমাদের আইসিইউ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডিএনসিসির করোনা হাসপাতালে ২১২টি আইসিইউ যুক্ত হয়েছে। সবমিলিয়ে রাজধানীতে যতো সংখ্যক আইসিইউ, তার সমপরিমাণ আইসিইউ এই হাসপাতালে তৈরি হয়ে গেছে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে ঢাকা শহরে সরকারি হাসপাতলে পাঁচ হাজার শয্যা রয়েছে। শুরুতে প্রাইভেট হসপিটাল করোনা চিকিৎসায় এগিয়ে না এলেও পরে এক হাজার শয্যা নিয়ে তারা কাজ শুরু করে, যা দুই হাজার শয্যায় পরিণত হয়। ফলে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে আট হাজার শয্যায় পরিণত হয়।

পার্শ্ববর্তী দেশ ভারতে এক শয্যায় দুইজনকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। বিভিন্ন উন্নত দেশে তাঁবুতে রেখে রোগীদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। কিন্তু এখনও আমরা রোগীদের হাসপাতালে রেখেই চিকিৎসা সেবা দিচ্ছি- যোগ করেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, শুরুতে আমাদের হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন ছিল না। এখন আমরা ১০০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন দিয়েছি। আরও ৩০টি সেন্ট্রাল অক্সিজেনের কাজ শেষ পর্যায়ে। প্রতিটি সরকারি হাসপাতালকেই সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, আমরা দেখছি যে ১৫ থেকে ২০ বছরের তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। তবে তাদের মৃত্যু কম হচ্ছে। কিন্তু তারা বাসায় এসে মা-বাবাসহ বয়স্কদের সংক্রমিত করছে। তরুণদের উদ্দেশ্যে বলব, আপনারা বাইরে যাবেন, তবে মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। আমরা প্রিয়জনদের মৃত্যুর কারণ যেন না হই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads