বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুরে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে মোহাম্মদপুর থানা পুলিশ। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।
এর আগে সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মৌয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে আরেক মডেল পিয়াসাকে ৩ মামলায় আরও ২৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
রোববার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
পিয়াসার দেয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে মৌকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেয়া হয়।





