আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

যমুনায় পানি বৃদ্ধি-ঘাট সমস্যা ও ফেরি সংকট

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জুন, ২০২১

পদ্মা-যমুনায় দ্রুত পানি বৃদ্ধি ও প্রবল স্রোত এবং ঘাট সমস্যার কারণে আরিচা-কাজিরহাট নৌ-রুটে বুধবার ভোর ৪টা হতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তপক্ষ। ফলে উভয়ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও  যানবাহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার সকালে বৃষ্টি থাকায় দুর্ভোগ আরোও বৃদ্ধি পায়। বিশেষ করে ছোট গাড়ির যাত্রীদের মধ্যে থাকা নারী ও শিশু যাত্রীদের বেশি দুভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাট কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদেও সূত্রে জানা যায়, আরিচা ও কাজিরহাট দুই পাড়ে দুটি ঘাট নির্মাণ করে আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি সার্ভিস চালু করা হয়েছিল। বর্তমানে এ নৌরুটে চারটি ফেরির মধ্যে ২টি ফেরি চলাচল করছে। দিন দিন গাড়ির সংখ্যা বাড়লেও ফেরি এবং ঘাট বাড়ানো হয়নি। ফলে ঘাট এলাকায় কোনো সমস্যা হলে ফেরি লোড-আনলোড বন্ধ থাকে। এতে ব্যাহত হয় স্বাভাবিকভাবে ফেরি চলাচল। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাজিরহাট ফেরি ঘাটের এ্যাপ্রোচ রাস্তায় এটি ট্রাকের চাকা আটকে গেলে ওই ঘাট দিয়ে দীর্ঘ ৬/৭ ঘন্টা ফেরি লোড-আনলোড বন্ধ  থাকে। বিকল্প ঘাট না থাকায় একটি মাত্র ঘাট হওয়ায় এসময় ফেরি চলাচলও বন্ধ থাকে।

এদিকে, চারটি ফেরির মধ্যে কেতোকি ও কোপতি নামের দু’টি ফেরি বিকল হওয়ায় ফেরি সংকটের সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে গাড়ি পারাপার, দু’পারেই জমা হচ্ছে শত শত যানবাহন।

বুধবার বিকেলে আরিচা ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, আরিচা ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য আটকে থাকে। বুধবার সকালে আরিচা ফেরি ঘাট থেকে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এসব ট্রাকগুলো সোমবার দিবাগত রাতে এসে আরিচা ঘাটে পৌছায়। বুধবার সন্ধ্যায়ও ফেরি পার হতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেন আটকে পড়া এসব ট্রাকের শ্রমিকরা। এ পরিস্থিতির  জন্য ঘাট কর্তৃপক্ষকেই দায়ী করছেন যানবাহন শ্রমিকরা।

কয়েকজন ট্রাক চালকরা জানান,  ঘাট এলাকায় কোনো নিয়ম-শৃঙ্খলা নেই। চালকরা কোনো সিরিয়াল মানছেন না। অনেকে আগে এসে সিরিয়ালে থেকে ফেরিতে উঠতে পারছেন না। অনেকেই গাড়ি নিয়ে আমাদের পরে এসে টিকিট নেওয়া ছাড়াই সিরিয়াল ভঙ্গ করে ফেরির এ্যাপ্রোচ রোডে গাড়ি রেখে টিকিট কাটছে। এতে ফেরি লোড-আনলোডেও সমস্যা হচ্ছে। এখন তো ফেরিই বন্ধ। অস্বস্তিকর অবস্থায় সময় পার করছেন তারা।  কখন ফেরির নাগাল পাবো তাও বলতে পারছেন না।

এছাড়াও ট্রাক চালক মো. লিটন বলেন,  আমারা সুন্দরভাবে পার হবার জন্য আরিচা ঘাটে আসি।  কিন্তু এখানেও কোন নিয়ম-শৃঙ্খলা নাই। অনেক চালকরা বে-লাইনে ঢুকে যানজটের সৃষ্টি করছে। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ঘাট এলাকায় ম্যানেজমেন্ট ঠিক থাকলে এই অবস্থা তৈরী হতো না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার আব্দুল্লাহ বলেন, পানি বৃদ্ধির কারণে বার বার ফেরি পন্টুন স্থানান্তর করতে হচ্ছে। এ্যাপ্রোচ রাস্তায় গাড়ির চাকা আটকে যাচ্ছে। এতে ফেরি লোড-আনলোডে সমস্যা হওয়ায় স্বাভাবিক ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এ কারণে বুধবার ভোর ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দু’পাড়েই ঘাট সংস্কারের কাজ চলছে।  এ পরিস্থিতিতে আরিচা ও কাজিরহাটে আরেকটি করে ফেরি ঘাট নির্মাণ করা দরকার বলে তিনি মনে করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads