সীমা আক্তার ছোঁয়া, সাভার প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৷
শনিবার (২৯ জুলাই) বিকাল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহন নামের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷
এ ঘটনায় বাসটির চালক মোঃ আনোয়ার হোসেন জানায়, বিকাশ পরিবহন লিমিটেড এ বাসটি নিরিবিলি এলাকায় আসার সাথে সাথে ৬০-৭০ জনের একটি গ্রুপ হঠাৎ বাস ভাংচুর শুরু করে পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমি বাসটি ঘোরানোর চেষ্টা করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমি জানের ভয়ে বাস থেকে নেমে যাই।
ফায়ার সার্ভিসের জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আল্লাউদ্দিন আলী বলেন, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌছে দশ মিনিটের মধ্যে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, নিরিবিলি এলাকায় একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। কয়েকটি বাসও ভাংচুর করেছে। তবে কারা করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুড়ে যাওয়া বাসটি র্যাকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।





