আশুলিয়ায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে কুপিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় ওই যুবককে উদ্ধার করতে গেলে নারীসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা।
শনিবার ভোরে আশুলিয়ার চানগাও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার চানগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছেন সোহেল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ী। শনিবার ভোরে সোহেল মাদক বিক্রি করার সময় দেখে ফেলে জাহাঙ্গীর। পরে তাকে মাদক বিক্রি করতে নিষেধ করলে সোহেল ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে হাত ও পা ভেঙে দেন। এসময় জাহাঙ্গীরকে উদ্ধার করতে আসলে বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে সোহেল ও তার সহযোগীরা। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আশুলিয়ার থানার এসআই সুদীপ শাহা জানান, মাদক নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। মাদক বেচা-কেনা সম্পূর্ণ বন্ধ না হলেও কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





