ভারতের মুসলমানদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ক্যাম্পাসে ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনগুলো।
আজ রোববার দুপুরে ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন। কর্মসূচী থেকে তারা মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণেরও তীব্র প্রতিবাদ জানান।
জানা গেছে, ভারতে সাম্প্রতিক সময়ে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে মানববন্ধন করে শাখা ছাত্র মৈত্রী। সংগঠনের সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর নেতৃত্বে অন্য নেতাকর্মীরা এতে অংশ নেন। ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা বলেন, ‘বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধর্ম-বর্ণ-জাতি পাওয়া যাচ্ছে কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। বিশ্বব্যাপী সর্বময় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করতে হবে।’
এদিকে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টার দিকে ভারতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে তারা। দলীয় টেন্ট থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘ভারতে যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা হয়েছে; আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেখানে সংখ্যালঘু মুসলিমদের হত্য করা হচ্ছে; তাদের মসজিদ পুড়িয়ে দেয়া হচ্ছে। সাংবাদিকদের প্যান্ট খুলে ধর্ম যাচাই করা হচ্ছে। এসব সাম্প্রদায়িক দাঙ্গার পেছনে শাসকগোষ্ঠী বিজেপি সরাসরি জড়িত। তাই বঙ্গবন্ধুর মত একজন সেক্যুলার নেতার জন্মশতবার্ষিকীতে নরেন্দ্র মোদীর মত সাম্প্রদায়িক কোন ব্যক্তিকে বাংলাদেশের ছাত্রসমাজ মেনে নেবে না। ফলে ছাত্র ইউনিয়ন নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে প্রতিহত করতে ঘোষণা দিয়েছে।
এসময় সংগঠনটির সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিকসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত শনিবার থেকেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি হিসেবে না আনতে দাবি জানিয়ে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।





