দেশে চলমান বিভিন্ন নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে জানিয়েছে আইইডিসিআর।
শুক্রবার (২০ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চলমান বিভিন্ন নির্বাচন নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইভিএম সিস্টেম ব্যবহার করলে অবশ্যই ঝুঁকি আছে। যে জিনিসটা একাধিক ব্যক্তি স্পর্শ করবেন তাতে অবশ্যই ঝুঁকি আছে।
এদিকে শুক্রবারও তিনজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের একজন ইতালি ফেরত, বাকি দুজন বিদেশ ফেরতদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে আইসিইউতে।
এসময় আরও জানানো হয় দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন আর আইসোলশনে ৩০ জন। এমতাবস্থায় বিদেশ ফেরতদের অবশ্যই কোয়ারেন্টিন নিশ্চিত করতে জোর দেয়া হয়।
দেশের মানুষকে নিরাপদে রাখতে সবাইকে নির্দেশনা মানার আহ্বান জানায় আইইডিসিআর।





