ঢাকা সিটিতে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি।
রবিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দক্ষিণে ৭৫ ও উত্তরের ৫৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
সাঈদ খোকন বাদ যাওয়ার কারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যারা একসেপটেবল এবং পপুলার তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জানান, মহিলা কাউন্সিলরদের ব্যাপারে আজ সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মেয়র প্রাথীর নাম ঘোষণার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।
এদিকে বিএনপি উত্তর সিটিতে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি।





