রাজবাড়ী গোয়ালন্দে সাম্প্রতি উদ্ধার হওয়া ছোট-বড় চারটি গরু লালন পালন করছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গত ১ ডিসেম্বর বুধবার উদ্ধার হওয়া মালিকবিহীন গরুগুলোকে ৪ দিন ধরে লালন পালনের পাশাপাশি প্রকৃত মালিকের খোঁজে বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত (০১ ডিসেম্বর ) বুধবার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার ৭ নং ফেরি ঘাটের মাথায় থেকে ছোট-বড় চারটি গরু উদ্ধারসহ ঘটনাস্থল থেকে দৌলতদিয়ার হাছেন মোল্লা পাড়ার মৃত সালাম শেখের দুই ছেলে জামাল শেখ (৩০) ও হারুন শেখকে (২০) গ্রেপ্তার করেন।
সরেজমিনে শনিবার গোয়ালন্দঘাট থানায় গিয়ে দেখা যায়, পুলিশ কনস্টেবল নুরুজ্জামান মিয়া পুলিশের গাড়ি রাখার গ্যারেজ থেকে গরু গুলো বাইরে এনে থানার প্রাঙ্গণে গাছের সাথে বেঁধে গরুর খড় দিচ্ছে।
পুলিশ কনস্টেবল নুরুজ্জামান মিয়া বলেন, খোলা আকাশের নিচে রাতে কুয়াশায় গরুগুলোর ক্ষতি হবে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর স্যারের নির্দেশে গরুগুলোকে রাতে গাড়ি রাখার গ্যারেজে রাখা হয় এবং দিনের বেলায় থানা প্রাঙ্গণে খোলা আকাশের নিচে রেখে খড়, ভুসি, ঘাস খাওয়ানো হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গরুর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গরুগুলো জব্দ করা হয়েছে। সে ক্ষেত্রে বিজ্ঞ আদালতের নির্দেশনা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছিনা। আগামীকাল রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে গরুর ব্যাপারে নির্দেশনা চাওয়ার পাশাপাশি আসামিদের রিমান্ডের আবেদন জানানো হবে।





