উদ্বোধনের আগেই ৫০ কোটি টাকার সেতু ভেঙ্গে নদীতে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উদ্বোধনের আগেই ৫০ কোটি টাকার সেতু ভেঙ্গে নদীতে

  • এস এম মিজান (গৌরনদী) বরিশাল
  • প্রকাশিত ১৬ অগাস্ট, ২০২১

বরিশালের উজিরপুরে উদ্বোধনের আগেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে গেছে। বুধবার বেলা ২টার দিকে সেতুর মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্য দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার সেতুটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই সেতুটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে। চলতি বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি উদ্বোধন করার কথা ছিল।

স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার, জাহাঙ্গীর শেখ জানান, বেলা ২টার দিকে বিকট শব্দে সেতুর ২টি গার্ডার ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলে জানা যায়।

ওটিবিএল এর প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবরে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।                                 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads