উন্নত যোগাযোগ ছাড়া শিল্পোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মনোহরদী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদীর মনোহরদীতে পৌর আওয়ামী লীগ ও পৌরসভার উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উন্নত যোগাযোগ ছাড়া শিল্পোন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নিয়ে কাজ করছে। যোগাযোগ ব্যবস্থা, গ্যাস ও বিদ্যুতের সহজলভ্যতাসহ বিনিয়োগের জন্য সকল সুযোগ সুবিধা সরকার প্রদান করবে। আমরা বিশ্বাস করি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন, শিল্প কারখানা গড়ে উঠবে।
তিনি বলেন, শিল্পকারখানা গড়ে উঠিলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে দেশে। এর মাধ্যমেই ২০২১ সালের মধ্যেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে সেটা বাস্তবায়িত হবে।
মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুর ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুর মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পেীরসভা আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল সামাদ মোল্লা যাদু প্রমুখ।





