দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের মহাজোট ও আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দেশে উন্নয়নের অপ্রতিরোধ্য ধারা চলছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই ধারাকে অব্যাহত রাখতে ৩০ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় থেকে রাত ৮টায় নির্বাচনী এলাকার খয়েরপুকুরহাট, দুর্গাপুর স্কুল মাঠ ও হাবড়া সুদুরডাঙ্গা চৌপদীতে আয়োজিত পৃথক তিনটি নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় গণশিক্ষা মন্ত্রী উপরোক্ত কথা বলেন।
গণশিক্ষা মন্ত্রী আরো বলেন, নৌকা হচ্ছে উন্নয়ন, নৌকা হচ্ছে উন্নতি, নৌকা হচ্ছে প্রগতি, নৌকা হচ্ছে শান্তির প্রতীক। নৌকায় ভোট দিয়ে কেউ কখনো ঠকেনি। নৌকায় ভোট দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব বাংলাদেশ নামের একটি দেশ উপহার দিয়েছেন জাতিকে। নৌকায় ভোট দেওয়ার কারণে বিধবারা, স্বামী পরিত্যক্তা, গর্ভবর্তী মায়েরা, বয়স্করা, প্রতিবন্ধীরা, বীর মুক্তিযোদ্ধারাসহ নানা ধরণের ভাতা দিচ্ছেন শেখ হাসিনার সরকার। ১০টাকা কেজি দরে ৩০কেজি করে চাল দিচ্ছেন দরিদ্রের মাঝে। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দেয়ায় গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা বাড়ির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিনামূল্যে ৩০প্রকার জরুরি ওষুধ পাচ্ছেন মানুষ। সারের জন্য কৃষককে জমির দলিল-পরচা নিয়ে ইউএনও অফিসে ছুঁটতে হয় না, সারই এখন কৃষকের দিকে তাকিয়ে থাকে কখন সার নিবে কৃষক। ঘরে ঘরে বিদ্যুতের আলোতে আলোকিত হচ্ছে বাসাবাড়ি, রাস্তাঘাট, ব্রিজকালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে গত ১০বছরে শেখ হাসিনার সরকারের হাতে। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এ সব চলমান উন্নয়নমূখী কাজকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নে সুখী-সমৃদ্ধ সোনার গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
জনসভাগুলোতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলমা প্রামাণিক, সহ-সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক লতিফা বেগম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি রুকশানা বারী রুকু, সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন, যূগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবা বেগমসহ অর্ধশত নেতাকর্মী।





