শিক্ষা

এইচএসসি ও সমমানের  ফল প্রকাশ

  • ''
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০২৩

এইচএসসি ও সমমানের ২০২৩ সালের ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল ১১টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে। একই সঙ্গে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধুমাত্র ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।

এর আগে সকাল ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত

ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে।

গণভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ উপস্থিত ছিলেন।


এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

শিক্ষা বোর্ডগুলো জানায়, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এবার পরীক্ষার্থী ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads