পটুয়াখালী প্রতিনিধি:
এক সপ্তাহ পর শুরু হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোড লোডশেডিং অনেকটা কমতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব।
তিনি জানান, আমাদের ০৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিলো। কিন্তু দেশের কথা চিন্তা করে আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে আজ বিকাল সাড়ে চারটায় ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়। আমরা বর্তমানে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছি।





