জাতীয়

একুশে পদক দেয়া হবে আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রবিবার (২০শে ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ২৪ জন বিশিষ্ট ব্যক্তির হাতে ‘একুশে পদক ২০২২’ তুলে দেবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক হস্তান্তর করবেন।

মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক দিয়ে থাকে। এবার ভাষা আন্দোলনের বিশেষ অবদানে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মোস্তফা এম এ মতিন, মির্জা তোফাজ্জল হোসেন।

এছাড়াও মরণোত্তর পদক পাচ্ছেন অভিনেতা খালেদ মাহমুদ খান। শিল্পকলার নৃত্যে পাচ্ছেন জিনাত বরকতউল্লাহ সংগীতে মরণোত্তর নজরুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে আফজাল হোসেন, মাসুম আজিজ।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী পাচ্ছেন মরণোত্তর পদক। কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার।

সাংবাদিকতায় এবার একুশে পদক পাচ্ছেন এম এ মালেক বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাজ সেবায় একুশে পদকে ভূষিত হয়েছেন এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। শিক্ষায় একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

ভাষা সাহিত্যে একুশে পদক পাচ্ছেন কবি কামাল চৌধুরী এবং ঝর্ণা দাশ পুরকায়স্ত। গবেষণায় বিশেষ অবদানে একুশে পদক পাচ্ছেন ড. মো আবদুস সাত্তার মন্ডল, দলগত পদক পাচ্ছেন ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads