পবিত্র ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ও এপ্রিলের ১৫ দিনের বেতন দেওয়ার নির্দেশ দেয় সরকার।
১১ এপ্রিল সরকার, মালিক ও শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ নির্দেশনা দেন।
তবে অর্ধেক নয়, ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আকতার বলেন, ‘সরকার ও গার্মেন্টসের মালিকেরা একযোগে শ্রমিকদের ওপর চড়াও হয়েছেন। এপ্রিলের ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। মালিকেরা রেকর্ডসংখ্যক অর্ডার পাচ্ছেন, কিন্তু শ্রমিকদের পেটে ভাত নাই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে।’
শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তাসলিমা আকতার। তিনি বলেন, বেতন-বোনাস শ্রমিকের অধিকার। ২০ রমজানের আগে এপ্রিলের পুরো বেতন ও ঈদ বোনাস দিতে হবে।





