করোনাভাইরাস মহামারির ভয়াবহতায় এবার বাংলা বর্ষবরণে ‘প্রতীকী মঙ্গল শোভাযাত্রার’ করার পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে পহেলা বৈশাখ ১৪২৮ বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েতও করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





