দুই বৃদ্ধ প্রতিবন্ধীর সাহায্যে এগিয়ে এলেন ঝালকাঠির সেই আলোকিত সমাজসেবক ছবির হোসেন। এবার আরও ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল তার এ সহযোগিতায়। দুই প্রতিবন্ধীর চলাচলে হুইল চেয়ার দিয়েই দায় সারেননি, বরং প্রতিবন্ধীর কর্মসংস্থানের জন্য হুইল চেয়ারে তাদের গড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ দোকান।
ঝালকাঠি শহরতলীর বাসন্ডা এলাকার ৯০ বছরের বৃদ্ধ আব্দুল হক তালুকদার। ১৪ বছর আগে তিনি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়ে প্রতিবন্ধী হয়ে পড়েন। এতে চরম আর্থিক দুর্দশার কবলে পড়েন এ বৃদ্ধ। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন ঝালকাঠির যুবলীগ নেতা ছবির হোসেন। মঙ্গলবার সকালে একটি হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধের বাড়িতে হাজির হন ছবির হোসেন। ওয়ার্কসপ থেকে বিশেষভাবে সংযুক্ত করা হয় ভ্রাম্যমাণ দোকানের কাঠামো। আর তাতে বিভিন্ন ধরণের শিশু খাদ্য সাজিয়ে বৃদ্ধকে বসিয়ে দেয়া হয় হুইল চেয়ারে।
ছবির হোসেন বলেন, প্রতিবন্ধীতা নিয়ে ভিক্ষাবৃত্তি যাতে না করতে হয় সে জন্য অনেক চিন্তা ভাবনা করে এমন উদ্যোগ নিয়েছি। ভিক্ষার ঝুলি নয়, দুই প্রতিবন্ধী বৃদ্ধের কর্মসংস্থান করাই আমার উদেশ্যে।
প্রসঙ্গত, ঝালকাঠির যুবলীগ নেতা ছবির হোসেন এর আগে অনেক অসহায় মানুষকে বাসস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করে দেয়াসহ বিভিন্ন ধরনের সহায়তা করে আসছেন।





