শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাহিদুর রহমান জাহিদকে বহিস্কার করেছে বিএনপি। আজ শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত হয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদুর শপথ নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও -৩ আসনের সদস্য জাহিদুর রহমান শপথ নেয়ার জন্য তাকে সর্বসম্মতভাবে আজকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে রাত সাড়ে আটটা থেকে এক ঘণ্টারও বেশি সময় বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।
একাদশ সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসন পেয়েও চাপের মধ্যে রয়েছে বিএনপি। ‘ভোট ডাকাতির’ ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে দলটি সিদ্ধান্ত নিয়েছিল, তাদের নির্বাচিতরা সংসদে যাবেন না। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান।





