নাটোর প্রতিনিধি:
এবার অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় নাটোরের সিংড়ায় বিপুল পরিমাণ গাঁজা সহ ২ চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জেলার সিংড়া উপজেলার খেজুরতলা বাজার থেকে তাদের আটক করা হয়।
গোয়েন্দা টিমের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন কুড়িগ্রাম থেকে রোগী পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি এ্যাম্বুলেন্স পাবনার দিকে যাচ্ছে। এই খবরের সূত্র ধরে বৃহস্প্রতিবার সকালে সিংড়া উপজেলার খেজুরতলা বাজারে চেকপোস্ট বসানো হয়। এসময় রোগীবিহীন ওই এ্যাম্বুলেন্সের সীটের নিচ থেকে ১৯ টি প্যাকেটে মোড়ানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক চালক কামরুল হাসান ও সহযোগী রবিউলকে। আটক ২ জনের বাড়ী কুড়িগ্রাম ও রংপুরে। এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত এ্যাম্বুলেন্সে মাদক পাচার করে আসছিলো বলে জানান উপ পরিচালক।





