ওবায়দুল কাদেরেরর স্বাক্ষর জালের অভিযোগ, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ওবায়দুল কাদেরেরর স্বাক্ষর জালের অভিযোগ, দিনাজপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর, ২০২০

দিনাজপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাক্ষর জাল করে আওয়ামীলীগের প্রার্থী দাবী করে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী বাদী হয়ে শুক্রবার রাতে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম সোহাগ।

অভিযোগে উল্লেখ করা হয়, ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহাগ বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দিনাজপুর জেলা কমিটিতে শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মরহুম সাব্বিরুল আহসান ছবির স্থলে নিজেকে উক্ত পদে নিযুক্ত করা হয়েছে বলে দাবী করেন। সোহাগ গত ৭ অক্টোবর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সম্মুখে ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি সীলযুক্ত কাগজ প্রদর্শন করেন।

মামলার বাদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরটির বিষয় নিশ্চিত হওয়ার জন্য জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর ফিজার এমপি ওবায়দুল কাদেরের সাথে দেখা করে বিষয়টি জানতে চাইলে তিনি বলেছেন “আমি জেলা আওয়ামীলীগের সুপারিশ বা মতামত ছাড়া কাউকে অর্ন্তভূক্ত করার গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড করতে পারি না এবং এধরনের স্বাক্ষরিত কাগজ প্রদান করিনি। যদি সোহাগ এধরনের প্রদর্শন করে তবে ওই কাগজ সম্পূন্ন জাল বলে গণ্য হবে। তিনি বলেন, রবিউল ইসলাম সোহাগ নামে কাউকে আমি চিনি না”। এধরনের ভূয়া সীল-স্বাক্ষর যুক্ত কাগজ প্রদর্শন হয়ে থাকলে তিনি থানায় মামলা করার নির্দেশ দেন।

তিনি জানান,  এ ধরনের নির্দেশ পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপির পরামর্শক্রমে শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে কোতয়ালী থানায় রবিউল সোহাগকে আসামী করে মামলাটি দায়ের করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মামলাটি গুরুত্ব বিবেচনা করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২/২৩/২৪ ও ২৯ ধারায় রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তভার কোতয়ালী থানার পরিদর্শক (ইন্টিলিজেন্ট) মাহবুবুর রহমানকে প্রদান করা হয়েছে। মামলার গুরুত্ব ও তদন্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রাথমিক ভাবে স্বাক্ষর ও সীল ভুয়া শনাক্ত হলে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads