প্রথমবারের মতো ওয়েব চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘করপোরেট’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি। ফেরারী ফরহাদের সংলাপ ও চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন নাট্যনির্মাতা ফরিদুল হাসান।
এ ছবি দিয়ে প্রথমবার চিত্রনায়িকা আঁচল আঁখির বিপরীতে অভিনয় করবেন রোশান। প্রথমে এ ছবিতে তাসকিনের অভিনয় করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকার কারণে রোশানকে চুক্তিবদ্ধ করেন নির্মাতা।
ফরিদুল হাসান বলেন, ‘তাসকিনকে চূড়ান্ত করেছিলাম। তবে তার চোখের নার্ভাল সিস্টেমে গুরুতর সমস্যা দেখা দেয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গেছেন। সুস্থ হয়ে কাজে ফিরতে সময় লাগবে। তাই প্রযোজনা প্রতিষ্ঠান ও তাসকিনের সঙ্গে কথা বলে রোশানকে চূড়ান্ত করেছি। ৩০ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।’
রোশান বলেন, ‘করপোরেট’ জীবনের বিভিন্ন দিক নিয়ে চলচ্চিত্রটির গল্প। এখানে আমাকে একজন ‘করপোরেট’ হিসেবে দেখা যাবে। ছবির গল্পটি চমৎকার। আমার চরিত্রটিও ভালো লাগার মতো। যার কারণে রাজি হয়েছি। প্রথমবারের মতো ওয়েব চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শক ভালো কিছু উপহার দেখতে পাবে।’ রোশান অভিনীত নির্মাণধীন ও মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’, ‘সাইকো’, ‘মোকআপ’, ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’, ‘উন্মাদ’, সরকারি অনুদানের ‘আর্শীবাদ’ ছবিগুলো। এছাড়া খুব শিগগিরই তিনি শুরু করবেন সরকারি অনুদানের দ্বিতীয় ছবি ‘মুখোশ’-এর কাজ। রোশান কৈশোরে ভালো ক্রিকেট খেলতেন। এক সময় তার মনের মধ্যে ক্রিকেটার হওয়ার স্বপ্নটাও উঁকি মেরেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শেষভাগে এসে হয়ে গেলেন সিনেমার নায়ক। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখা অনেকটা হুট করেই। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ শেষ করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন রোশান। তখনই সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান তিনি। এরপর তো নায়ক রোশানের গল্প অনেকেই জানেন। পরীমণির সঙ্গে জুটি গড়ে ‘রক্ত’ ছবিতে মুগ্ধ করেছেন দুই বাংলার দর্শকদের। প্রথম ছবিতেই করেছেন বাজিমাত। রোশান বলেন, ‘আমি একটু বেশিই সৌভাগ্যবান। সিনেমায় পা রাখার পর থেকেই মানুষের ভালোবাসা পেয়েছি। সিনেমা ইন্ডাস্ট্রির মানুষদের ভালোবাসা পেয়েছি। জাজ মাল্টিমিডিয়ার সহযোগিতা আমাকে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে। প্রথম ছবিতেই দর্শকের সাড়া পেয়েছি।’ গ্ল্যামারাস হিরো হিসেবে শুরু থেকেই রোশানকে নিয়ে ঢালিউডে আলোচনা ছিল। সিনেমা ইন্ডাস্ট্রিতে সালমান শাহকে অনেকটা ফলো করেন রোশান। তিনি বলেন, ‘সালমান শাহ তো আইকন হিরো। তার স্টাইল তো শুধু বাংলাদেশে না বলিউডেও ফলো করেছে। সালমান শাহের মতো স্টাইলিস্ট হিরো কমই এসেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে।’ রোশানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বাবা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র। ফলে পারিবারিকভাবেই এলাকাতে পরিচিত ছিলেন রোশান। তবে সিনেমার নায়ক হবার পর বদলে গেছে তার পরিচিতি। এখন রোশানকেই আলাদাভাবে চেনে সবাই। এলাকায় গেলে অনেকেই ভিড় জমায় নায়ক রোশানের সঙ্গে ছবি তোলার জন্য। রোশান বলেন, ‘সিনেমায় আসার পর তো কিছুটা পরিবর্তন এসেছেই। এখন বাড়িতে গেলে অনেকেই আসেন ছবি তুলতে।’
আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চান রোশান। এরই মধ্যে টেলিভিশন সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাস, স্টার জলসার সিরিয়ালে অভিনয় করার প্রস্তাব পেয়েও সেই পথে হাঁটেননি বলে জানান এই চিত্রনায়ক। রোশান বলেন, ‘সিনেমায় অভিনয় করতে চাই। এজন্য টেলিভিশনের বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। স্টার প্লাস, স্টার জলসার সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি চাই, সিনেমা নিয়েই থাকতে।
স্বপ্ন দেখি, আমাদের দেশের ছবি বিশ্বজুড়ে প্রশংসিত হবে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চাই।’





