যুক্তরাষ্ট্র

কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা, নারী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ৭ জানুয়ারি, ২০২১

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত গুলিতে এক নারী নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

ক্যাপিটলে হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায় নি। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সভাকক্ষের প্রবেশদ্বারে অস্ত্র তাক করার দৃশ্য দেখা গেছে। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়েছে।

ভবনের ভেতরে বিক্ষোভকারীদের ‘আমরা ট্রাম্পকে ভালোবাসি’ শ্লোগান দিতে দিতে মিছিল করতে দেখা গেছে। একজন ট্রাম্প সমর্থকের ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি সিনেটের সভাপতির আসনে বসে আছেন। কয়েক ঘণ্টা কংগ্রেস ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। তবে, সান্ধ্য আইন শুরু হবার পরও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘বিদ্রোহ’ বলে আখ্যায়িত করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় তাঁর সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।

এর আগে দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাঁচাও’ নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প ওই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads