কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনায় করোনা শনাক্ত হওয়া দুই রোগী মোর্শেদ আলম (৪০) ও ইয়াসির আরাফাত (২৯) লাপাত্তা হয়ে গেছে। করোনা ‘পজিটিভ’ হওয়ার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ। নমুনা পরীক্ষার সময়ে দেওয়া তাদের ঠিকানায় গিয়ে তাদের পাওয়া যায়নি। যে কারণে দুই করোনা রোগীর সুনির্দিষ্ট বাসাবাড়ি বা ওই এলাকা লকডাউন করতে পারেনি স্থানীয় প্রশাসন। নমুনাও নিতে পারেনি স্বজনদের। এ নিয়ে বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনা এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন, আতঙ্কিত।
সদর উপজেলার স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোর্শেদ আলম (৪০) নামের একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। রোগীর ঠিকানা বার্মিজ মার্কেট দিলেও সত্যতা মিলছে না।
এর আগে, গত ৮ মে ইয়াসির আরাফাত (২৯) নামের আরেক করোনা রোগীর ঠিকানা বৈদ্যর ঘোনা দিলেও সেখানে গিয়ে কোনো সত্যতা পায়নি স্বাস্থ্যকর্মীরা। যে কারণে এই দুই রোগির স্বজনদের মধ্যে করোনা রোগী আছে কি না- তা নিশ্চিত হতেও নমুনা নেয়া সম্ভব হচ্ছে না।





