চাঁদপুরের কচুয়ায় এক প্রসূতির একসঙ্গে ৫ সন্তান প্রসবের পর একে একে সব নবজাতক মারা গেছে। এর মধ্যে প্রসবের পরপরই হাসপাতালে মৃত্যুবরণ করেন ৩ জন এবং বাসায় নিয়ে যাওয়ার পর বাকি ২ নবজাতক শিশুও মৃত্যুবরণ করেন।
কচুয়া টাওয়ার হাসপাতালে ৫ সন্তান জন্মদানের এমন ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে। ওইদিন রাত সাড়ে ৮টায় প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। সন্তান প্রসব উপলক্ষে মারুফা তার বাবার বাড়ি কচুয়া উপজেলার আন্দিরপাড়ে অবস্থান করছিলেন।
জানা যায়, মারুফা বেগম স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) পরপর ৫টি সন্তান প্রসব করেন। এর মধ্যে চারটি ছেলে ও একটি মেয়ে। তবে অপরিণত বয়সে ভূমিষ্ঠ হওয়ায় জন্মের কিছু সময় পর ৩ শিশু মারা যায়।
এদিকে রাতেই জীবিত অন্য দুই শিশু নিয়ে হাসপাতাল ত্যাগ করে বাসায় ফেরার পর রোববার সকালে বাকী দুই নবজাতকও মৃত্যুবরণ করে।
কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক ডা. সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত বয়সে জন্ম হওয়ায় নবজাতক শিশুগুলো মৃত্যুবরণ করেন।





