কবরস্থানে প্রবেশ এবং কবরবাসীর জন্য দোয়া

সংগৃহীত ছবি

ধর্ম

কবরস্থানে প্রবেশ এবং কবরবাসীর জন্য দোয়া

  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২১

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত তামিমী, ইয়াহইয়া ইবনু আইয়ুব ও কুতায়বাহ ইবনু সাঈদ (রহ.) ....আযি শাহ (রাজি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যেদিন তার কাছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতযাপনের পালা আসত, তিনি শেষ রাত্রে উঠে (বাকি কবরস্থানে) চলে যেতেন এবং এভাবে দোয়া করতেন ‘আসসালা-মু আলায়কুম দা-রা কাওমিন মু’মিনীনা ওয়া আতা-কুম মা ত’আদূনা গদান মুআজজালুনা ওয়া ইন্না-ইনশা-আল্লা-হু বিকুম লা-হিকূন আল্ল-হুমমাগফিরলি আহলি বাকিউল গরকাদ’। (অর্থাৎ- তোমাদের ওপর সালাম ও শান্তি বর্ষিত হোক, ওহে ঈমানদার কবরবাসীগণ! তোমাদের কাছে পরকালে নির্ধারিত যেসব বিষয়ের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা তোমাদের কাছে এসে গেছে। আল্লাহর ইচ্ছায় আমরাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ! বাকি গারকদি কবরবাসীদের ক্ষমা করে দাও)। কিন্তু কুতায়বাহ-এর বর্ণনায় ‘তোমাদেরকে দেয়া হয়েছে’ কথাটি নেই (সহিহ মুসলিম হাদিস নং ২১৪৫)।

সুলায়মান ইবনু বুরায়দাহ (রহ.) তার পিতা [বুরায়দাহ ইবনু হুসায়ব ইবনু আবদুল্লাহ (রাজি.)] থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তারা যখন কবরস্থানে যেতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে দোয়া শিখিয়ে দিতেন। অতঃপর তাদের মধ্যে কোনো ব্যক্তি আবু বাকরের বর্ণনা অনুযায়ী বলত, ‘আসসালা-মু আলা- আহলিদ দিয়া-র’ (অর্থাৎ- কবরবাসীদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক)। আর যুহায়রের বর্ণনায় আছে : ‘আসসালা-মু আলায়কুম আহলাদ দিয়া-র মিনাল মুমিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইনশা-আল্লা-হু লালা-হিকূনা আসআলুল্ল-হা লানা- ওয়ালাকুমুল আ-ফিয়াহু’ (অর্থাৎ- হে কবরবাসী ঈমানদার মুসলিমগণ! তোমাদের প্রতি সালাম। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমি আমাদের ও তোমাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তার আবেদন জানাচ্ছি।) (সহিহ মুসলিম হাদিস নং ২১৪৭)।

শিক্ষা : কবরবাসীর আমল চিরতরে বন্ধ। তাই তাদের জন্য আমাদের প্রতিনিয়তই দোয়া করা উচিত। আল্লাহ তায়ালা প্রত্যেককেই ক্ষমা করুন এবং জান্নাত দান করুন। আমিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads