রাজধানীর কমলাপুর থেকে যাত্রা করে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত চলবে রেল। সেজন্য ১৭০ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করা হচ্ছে। এ লাইনের মধ্যে ২৩ কিলোমিটার হবে এলিভেটেড রেলওয়ে। এটিই দেশের প্রথম এলিভেটেড রেললাইন।
জানা গেছে, রাজধানীর জুরাইন স্টেশন থেকে শুরু করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া পর্যন্ত হবে এ রেললাইন। এর আওতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে এলিভেটেড রেলওয়ে স্টেশনও। তবে রেললাইন করা হচ্ছে সিঙ্গেল। পরে সরকার চাইলে তা ডাবল করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
পদ্মা বহুমুখী সেতু এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। গত বুধবার এই প্রকল্প এলাকার কাজ সরেজমিনে দেখার আয়োজন করে সিআরইসি। সরেজমিনে গিয়ে দেখা যায়, এলিভেটেড রেললাইনের প্রথম স্প্যান বসানো হয়েছে মুন্সীগঞ্জের পলাশপুরে। এলিভেটেড রেললাইনের ২৩ কিলোমিটারে এ রকম মোট ৪১৮টি স্প্যান বসানো হবে।
সিআরইসির তথ্যমতে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও অ্যালাইনমেন্টের কাজ শতভাগ শেষ হয়েছে। বাঁধ নকশার কাজ হয়েছে ৮৯ দশমিক ৫ শতাংশ, টেস্ট পাইল ডিজাইন হয়েছে ৯২ দশমিক ৮৫, ওয়ার্কিং পাইল ডিজাইন ৩৭ দশমিক ৩, কালভার্টের ডিজাইন ৬৩ দশমিক ৬, বাঁধ নির্মাণের কাজ ২৫ দশমিক ২, টেস্ট পাইলের কাজ ৬০ দশমিক ৫ এবং ওয়ার্কিং পাইলের কাজ হয়েছে ১৫ দশমিক ৭ শতাংশ। এ প্রকল্পে এখন পর্যন্ত মোট ১১ দশমিক ৩ শতাংশ অর্থনৈতিক অগ্রগতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে মাওয়া থেকে ভাঙ্গা (অগ্রাধিকারমূলক) অংশ পর্যন্ত রেলপথ নির্মাণকাজ আগামী বছর শেষ হবে।
এলিভেটেড রেললাইনের বিষয়ে প্রকল্পের কাজ দেখভালের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা কামাল বলেন, এ এলাকা নিচু। এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে। ধলেশ্বরীর শাখা নদী ও অন্যান্য নদী রয়েছে। নদীগুলোর জন্য ব্রিজটা উঁচু করতে হচ্ছে। এটা যেহেতু রেললাইন, তাই হঠাৎ করে ওপরে উঠে নিচে নামা যাবে না। একটা স্মুথ লাইন করতে হয় রেলের জন্য। তা ছাড়া এখানে যে পরিমাণ সফট সয়েল (নরম মাটি) আছে, তাতে বাঁধ দিয়ে করার চেয়ে এলিভেটেড করলে কম খরচ হবে। সেইসঙ্গে জমির পরিমাণও কমে যাবে। এখানে জায়গার দামও অনেক বেশি। সবদিক বিবেচনা করে এটা এলিভেটেড করা হচ্ছে।
তিনি আরো বলেন, এলিভেটেড রেললাইন এটিই দেশে প্রথম। কেরানীগঞ্জে দেশে প্রথমবারের মতো এলিভেটেড রেলওয়ে স্টেশনও করা হচ্ছে। লাইনটা সিঙ্গেল হলেও ব্রডগেজে করা হচ্ছে।
ডাবল লাইন না করে সিঙ্গেল লাইন কেন করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী বলেন, এক কথায় বলতে গেলে প্রচুর খরচের কারণে করছি না। আমরা ডাবল লাইনের জন্য জমি অধিগ্রহণ করে রাখছি। ভবিষ্যতে এটাকেই ডাবল লাইন করা যাবে। ঢাকা থেকে যশোরে কতগুলো ট্রেন চলবে, এ হিসাবে এখনই ডাবল লাইন করতে চাচ্ছি না। ডাবল লাইন আমরা হয়তো ১৫-২০ বছর পরে করতে পারি। যখন সরকার মনে করবে ডাবল লাইন করা দরকার, তখন এর পাশ দিয়ে আরেকটা করে ফেলবে। জায়গা থাকবে, শুধু ব্রিজ করলেই হয়ে যাবে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যশোর পর্যন্ত মোট ১৭০ কিলোমিটার রেললাইন নির্মাণকাজের এখন পর্যন্ত বাস্তব অগ্রগতি সাড়ে ৩ শতাংশ বলেও জানান গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী। প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে তিনি বলেন, এলাকাজুড়েই আমাদের কাজ চলছে। সর্বোপরি আমাদের কাজ প্রায় সাড়ে ৩ শতাংশ সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। এ অগ্রাধিকারমূলক অংশের প্রায় ৫০ শতাংশ কাজ শেষ করতে পেরেছি। ২০২১ সালের জুনে পদ্মা সেতু চালু হওয়ার কথা রয়েছে। রেলের অগ্রাধিকারমূলক অংশের কাজ শেষ করে পদ্মা সেতুর সঙ্গে রেল চালুর লক্ষ্যে কাজ করছি। এটা এখনো আমাদের পক্ষে সম্ভব।
এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, বাংলাদেশে যে কোনো প্রকল্পে জমি অধিগ্রহণ একটা দুরূহ কাজ। সেই কাজ সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত সম্পন্ন করতে পেরেছি। তারা (প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান) যে অভিযোগ করেছে, কোনো স্থানে হয়তো একটা মসজিদ অথবা একটা বসতঘর সরাতে দেরি হচ্ছে, সেই প্রসঙ্গ তুলে হয়তো তারা কাজ করতে পারছে না। যখনই তারা সে সমস্যা আমাদের সামনে নিয়ে আসছে, আমরা ত্বরিতগতিতে অ্যাকশন নিয়ে সেই জায়গা পরিষ্কার করে দিচ্ছি।





