করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মারা গেছেন।
রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনটিভি।
মৃত্যুকালে যুগ্ম প্রধান বার্তা সম্পাদক শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
গত ২৫ জুলাই আবদুস শহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহিদ জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে এনটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুস শহিদের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





