গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন রোগীর সংখ্যা চার হাজারের নিচে নেমে এসেছে। একই সঙ্গে আগের ২৪ ঘণ্টার তুলনায় নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯২৯ জন আর মারা গেছেন ১৫ জন। গতকাল মঙ্গলবার অধিদপ্তর চার হাজার ৭৪৬ জন নতুন রোগী আর ৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল।
অধিদপ্তর জানাচ্ছে, নতুন করে শনাক্ত হওয়া তিন হাজার ৯২৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন আর মারা যাওয়া ১৫ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৮৮৭ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭৫৭ জন। তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮৭৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২০৭টি।
দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ১০ হাজার ২৮১টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৮৬ হাজার ১৭১টি।
দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।





