বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। এখন পর্যন্ত তার (খালেদার) শরীরে করোনার কোনো উপসর্গ নেই। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। করোনা আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো।
আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টাই ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দ্বিতীয়তলার একটি কক্ষে থাকছেন তিনি। রাতে লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা অনলাইনে ভিডিওকলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া ফিরোজায় অবস্থানরত খালেদার ব্যক্তিগত স্টাফদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তার ভাই শামীম ইস্কান্দার ও ছোট ভাইয়ের স্ত্রী।
এখন প্রতিদিন নিয়ম করে খালেদা জিয়াকে দেখতে যান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী ও ড. মামুন। আর লন্ডন থেকে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বড় ছেলের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এছাড়া খালেদা জিয়ার অন্যান্য ডাক্তার এবং ড্যাবের চিকিৎসকরাও তার খোঁজ রাখছেন।





