করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫ জন। এ নিয়ে নিয়ে মৃতের সংখ্যা ১৭ জন হল।
এখন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৬৪ জনে। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ১৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত ৫ জনের মধ্যে ২ জন ঢাকার।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৬৯৭ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনের শরীরে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।
ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।
স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।





