গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৮ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এক হাজার ৬৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দেশে আরও ১ হাজার ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬ জন। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।
এদিকে দেশে গণহারে করোনা টিকাদান কর্মসূচি হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।





