চলমান মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরার পরামর্শ দিলেও নিজে পরবেন না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রাণঘাতী করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে মাস্ক পরা নিয়ে এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে পরতে পারেন। আমি ঠিক করেছি পরব না।
কিন্তু অনেকেই আছে যারা মাস্ক পরতে চায়। তিনি আরও বলেন, ‘ওভাল অফিসে বিদেশি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা-রানী, ডিক্টেটরদেরকে আমার অভ্যর্থনা জানাতে হয়। তাই আমার জন্য এটা না।’ খবর ইউএসএ টুডে ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের শুরু থেকে মাস্ক পরার দরকার নেই বলে আসছিল সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো। মহামারী ভয়াবহ আকার ধারণ করার পর চলতি সপ্তাহে নতুন করে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
এখন মাস্ক পরার কথা বলছে ট্রাম্প প্রশাসনও। এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োনীয় এন-৯৫ ফেস মাস্ক এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম অন্যান্য দেশে রফতানি বন্ধ করার নির্দেশ দেন ট্রাম্প।
মাস্ক নিয়ে এমন টানাপড়েনের মধ্যে শুক্রবারই এ নিয়ে নতুন মতামত দেন ট্রাম্প। বলেন, ‘আমরা এ রোগের সংক্রমণ বিষয়ে আগে যা ভাবতাম তার বদল ঘটেছে।
ট্রাম্পের বলেন, ‘ভালো অফিসে বসে মাস্ক পরে কাজ করা কার্যত অসম্ভব। তাই আমি এটা পালন করতে রাজি নই।’ তিনি বলেন, ‘কাপড়ের ঘনত্বের বিচারে স্কার্ফ মাস্কের ভালো বিকল্প।’
এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৪৫৮। এর মধ্যে সাত হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্তের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০২ জনের।





