যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ১২ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্য হয়। গতকাল রোববার বিকেল ৫টার দিকে মেয়েটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও সিভিল সার্জন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, টেলিফোনের তথ্যের ওপর ভিত্তি করে মেয়েটির নমুনা পাঠাতে নিষেধ করেছে আইইডিসিআর।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, গতকাল রোববার বিকেল ৫টার দিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ঠিকানা দিয়ে এক ব্যক্তি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। মেয়েটির জ্বর, সর্দি, কাশি থাকায় তাকে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর আজ ভোরে তার মৃত্যু হয়।
এদিকে, মেয়েটিকে যে লোকটি হাসপাতালে ভর্তি করেছিল তিনি তার নাম ঠিকানা, মোবাইল নম্বর না দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। তবে মেয়েটির স্বজনদের খোঁজ করে লাশ হস্তান্তর করা হবে, আর না পাওয়া গেলে সরকারিভাবে তার দাফন সম্পন্ন করা হবে।





